দীপেন দেওয়ান

টার্মিনাল ও যানবাহনের অনলাইন ডাটাবেজ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

‘বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেজ তৈরি করায় যানবাহন-সংক্রান্ত সকল তথ্য প্রশাসনের কাছে থাকবে।’

নয়া দিগন্ত অনলাইন
অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেজ এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী দীপেন দেওয়ান
অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেজ এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী দীপেন দেওয়ান |সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, টার্মিনাল ও যানবাহন সংক্রান্ত আধুনিক অনলাইন ডাটাবেজ জেলার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেজ তৈরি করায় যানবাহন-সংক্রান্ত সকল তথ্য প্রশাসনের কাছে থাকবে।

শনিবার (১৬ মে) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় মূল সড়কের পাশে জেলার অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেজ এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

দীপেন দেওয়ান বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আরো সুন্দর করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হবে।

তিনি বলেন, পৌরসভাকে জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। পর্যটন শহরকে যানজটমুক্ত রাখাসহ শহরকে নিরাপদ রাখতে হবে।

পরে শহরের সিএনজি এবং মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানোসহ চালকদের হেলমেট প্রদান করেন মন্ত্রী। বাসস