কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ

সোমবার ( ৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

সংসদ প্রতিবেদক

কুমিল্লার নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে।

সোমবার ( ৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ বলেন, বিগত স্বেরাচারী সরকারও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে অন্য নামে, তবে কুমিল্লা নামে নয়। কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘কু’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য বিভাগ করবেন, কিন্তু কুমিল্লার নামে করবেন না। সেখানে কুমিল্লার জনগণ, দল-মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবে। কিন্তু সমাধান দিয়ে যাইনি। তাই আজকে পার্লামেন্টে (জাতীয় সংসদ) বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য যে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে কুমিল্লাকে ‘ময়নামতি’ ও ২০২২ সালে ‘মেঘনা’ নামে বিভাগ করার প্রস্তাব গ্রহণ করা হয়।