বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’ কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় ২০ জেলেসহ একটি বোট উদ্ধার করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকার সংবাদ পেয়ে বোটটিকে উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠায় বঙ্গোপসাগরে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া বোটের মাঝিরা গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে ওই বোট নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করেন। পরবর্তী সময়ে গত ২৮ জানুয়ারি ভোররাতে ১০-১২ জন দুষ্কৃতিকারী অপর একটি বোটযোগে দেশীয় অস্ত্র প্রদর্শন করে মাছ ধরার বোটটিতে হামলা চালায়।
এ সময় দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ জেলেদের ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং বোটটির ইঞ্জিন বিকল করে দেয়।



