প্রথম কর্মদিবসেই শ্রমবাজার নিয়ে আলোচনা প্রবাসী কল্যাণ মন্ত্রীর

প্রথম ছয় মাসের মধ্যে কী কী কাজ করা সম্ভব হবে তার অগ্রাধিকার তালিকা করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে মন্ত্রণালয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে মন্ত্রণালয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে |নয়া দিগন্ত

নিজ কার্যালয়ে প্রথম কার্যদিবসেই বৈশ্বিক শ্রমবাজার নিয়ে আলোচনা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন সরকার এসেছে, প্রথম ছয় মাসের মধ্যে সরকার কী কী কাজ করবে মানুষ কিন্তু তা দেখবে। গতি ও ক্ষিপ্রতা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

প্রথম ছয় মাসের মধ্যে কী কী কাজ করা সম্ভব হবে তার অগ্রাধিকার তালিকা করার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।

শপথ নেয়ার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ে স্বাগত এবং ফুলেল শুভেচ্ছা জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘দেশটা আমাদের সকলের, আমাদের দেশটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমার এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা, সেখানকার প্রায় ৬০-৭০% লোক কর্মসংস্থান এর জন্য প্রবাসে কাজ করে থাকে।’ সভায় মন্ত্রণালয়ের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্রসহ অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের জন্য কর্মকর্তাদের দায়িত্ব সুনির্দিষ্ট করে দেয়ার নির্দেশনা দেন তিনি।

প্রবাসীদের কল্যাণ ও তাদের অধিকার সংরক্ষণে কতজনকে এ পর্যন্ত সহায়তা দেয়া হয়েছে তার সুনির্দিষ্ট তালিকা চাই। তারা কোন দেশ থেকে এসেছেন, কোন এলাকার কতজন, কাকে সহায়তা দিয়েছেন তার বিস্তারিত তালিকা করতে বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজার কেন, কি কারণে বন্ধ হয়ে আছে, এটার পরবর্তী পদক্ষেপ আপনারা কি নিয়েছেন, এটা ওপেন বা চালু করার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং যদি পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে আমাদের ইমিডিয়েটলি কি করতে হবে? এটার একটা পেপার/ রিপোর্ট তৈরি করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।’

পরিচিতিমূলক সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মো: নুরুল হক বলেন, ‘প্রবাসীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। দেশের বাইরে কাজ করতে যারাই যান তাদের সহযোগিতা করতে হবে। সাধারণত প্রবাসীরা বিদেশ যায় গয়নাঘাটি ও বাবা-মায়ের জমি বিক্রি করে। তাদের প্রতি আমাদের সদয় হতে হবে।’

তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে কিছু কাজ করতে হবে। যেকোনো মূল্যে অভিবাসন ব্যয় কমাতে হবে।’

প্রবাসীদের সাথে আমাদের ব্যবহার ভালো করতে হবে এবং আন্তরিকতা দিয়ে তাদের কাজ করে দেয়ার আহ্বান জানান তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূইয়াসহ মন্ত্রণালয় ও দফতর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।