প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোর রুমে আগুন, গ্রেফতার ৩

মিরপুর মডেল থানার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৪টার মধ্যবর্তী সময়ে শিক্ষা অধিদফতরের দ্বিতীয় তলার স্টোর রুমে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

নয়া দিগন্ত অনলাইন
প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোর রুমে আগুনের ঘটনায় গ্রেফতার তিন ব্যক্তি
প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোর রুমে আগুনের ঘটনায় গ্রেফতার তিন ব্যক্তি |সংগৃহীত

রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের স্টোর রুমে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার (২ মে) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতরা হলেন মো: আসমাউল ইসলাম (৩০), মো: জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মো: হুমায়ুন কবির খান (৫৯)।

মিরপুর মডেল থানার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সাড়ে ৪টার মধ্যবর্তী সময়ে শিক্ষা অধিদফতরের দ্বিতীয় তলার স্টোর রুমে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৩৩টির আংশিক, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ১৪০টি ল্যাপটপ সম্পূর্ণ পুড়ে যায়। বাকি ৮৩টি ল্যাপটপ পাওয়া যায়নি। এ ঘটনায় মিরপুর মডেল থানার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত শিক্ষা অধিদফতরে কর্মরত পরিচ্ছন্নকর্মী (মাস্টার রোল) আসামি মো: আসমাউল ইসলামকে মিরপুর-২ নম্বর এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মো: আসমাউল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নিজে ওই ভবনের স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর মিরপুর মডেল থানা পুলিশ একই দিন মিরপুর শিক্ষা অধিদফতরে অভিযান চালিয়ে মামলার ঘটনার সাথে জড়িত আসামি মো: জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মো: হুমায়ুন কবির খানকে (৫৯) গ্রেফতার করে। বাসস