বাংলাদেশ থেকে মোট ১৪৮টি ফ্লাইটের মাধ্যমে ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো: লোকমান হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করে।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত স্বাভাবিক কারণে ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং চারজন নারী। এর মধ্যে ১১ জন মক্কায় এবং তিনজন মদিনায় মারা যান।
হজ বুলেটিনে আরো জানানো হয়েছে, সৌদি মেডিক্যাল টিম এখন পর্যন্ত ২৮ হাজার ৬৬৯ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ৪৩০ জন সেবা পেয়েছেন।
লোকমান হোসেন বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের মধ্যে ৬৬০টি অ্যাজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি লিড অ্যাজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী অ্যাজেন্সি রয়েছে।
মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন বলে হজ অফিস সূত্র জানিয়েছে।
এয়ারলাইনভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৩টি ফ্লাইটে ২৮ হাজার ৮৩৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাকি ২০ হাজার ৮৫২ জন যাত্রী ধাপে ধাপে নির্ধারিত ফ্লাইটে পৌঁছবেন বলে জানানো হয়েছে।
এ বছর ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (ইএ৩০০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এটি উদ্বোধন করেন।
সৌদি দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।
৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। বাসস



