সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো চারজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জন।
রোববার (৩১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটে মোট ১১ হাজার ৬১৩ জন হজযাত্রী বাংলাদেশে পৌঁছেছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশী হাজিদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জনের মারা গেছেন।
সৌদি আরবের স্থানীয় হাসপাতালে ১৭৯ জন হজযাত্রী চিকিৎসা নিয়েছেন এবং ২২ জন বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে বুলেটিনে জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি, সৌদি এয়ারলাইন্স আটটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট পরিচালনা করেছে। এতে ১১ হাজার ৬১৩ হজযাত্রী দেশে ফিরেছেন। যাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ২৫৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৬০ জন রয়েছেন।
এ বছর হজ পালনে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী। তাদের মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায়, ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যান।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি দেশটিতে যান।



