জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ (এপিএস-১) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ মামুন শিবলীকে (পরিচিতি নম্বর: ১৭১৬০) এই পদে নিয়োগ দেয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন অথবা মোহাম্মদ মামুন শিবলীকে তার সহকারী একান্ত সচিব-১ (এপিএস) পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন। বাসস



