মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টায় মুন্সিগঞ্জের সদর থানাধীন পঞ্চসারের দুর্গাবাড়ি ও সিপাহি পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা।

নয়া দিগন্ত অনলাইন

মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টায় মুন্সিগঞ্জের সদর থানাধীন পঞ্চসারের দুর্গাবাড়ি ও সিপাহি পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা।

এ সময় তিনটি জাল তৈরির কারখানা ও দুটি গোডাউন তল্লাশি করে প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকা মূল্যের ৩ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০ হাজার পিস জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল জব্দ করা হয়। জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সূত্র : বাসস