ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময় অনুসারে আজ বিকেল সাড়ে ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। শুরু হয়েছিল সকাল সাড়ে ৭টায়।
দেশব্যাপী প্রাপ্ত তথ্য অনুসারে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
গত বছরের জুলাই বিপ্লবের পর এ নির্বাচন ছিল বহু আকাঙ্ক্ষিত। এ নির্বাচনে ভোট দিয়েছেন নতুন প্রজন্মের অনেকে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি দিনটিকে জাতির জন্য ‘মহা আনন্দের দিন’ ও ‘মুক্তির দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন।
নির্বাচন কমিশন সচিব সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোর থেকেই ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। অনেকেই সপরিবারে ভোট দিতে আসেন। প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় সেখানে ভোট হয়নি।
দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলে। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন—দলীয় ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩২ জন।
সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১) এবং সর্বোচ্চ গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার ৩৩৩)।
নির্বাচনে ৮১টি দেশী সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক এবং ৫৪০ জন বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করেন। ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জন পর্যবেক্ষকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন।
পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার। এর মধ্যে প্রবাসী ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন এবং দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন। ইতোমধ্যে ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।



