যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরো ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, উত্তরা ও মতিঝিল—উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে। তবে অতিরিক্ত সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই শেষ ট্রেন পরিচালনা করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সময় বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সব ধরনের প্রস্তুতিও শেষ। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে ট্রেন চলাচল আধা ঘণ্টা আগে শুরু করা হয় এবং রাতের শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হয়।
এ বিষয়ে বুধবার রাতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ৭ জুন থেকে ঢাকা মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল করলেও পরে ধাপে ধাপে সব স্টেশন চালু হয়। এরপর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রীসেবা চালু হয়। নির্মাণাধীন কমলাপুর স্টেশন চালু হলে এমআরটি লাইন-৬ এর কার্যক্রম সম্পূর্ণ হবে।



