ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরো যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সরকারের নির্দেশনা সব ডাক্তারদের পৌঁছে দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান |ইন্টারনেট

প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে তিনি অংশ নেন।

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরো যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সরকারের নির্দেশনা সব ডাক্তারদের পৌঁছে দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন।

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত জরুরি সেবা ক্যাটাগরিতে মনোনীত ছয়জন চিকিৎসককে ক্রেস্ট প্রদান করেন প্রধানমন্ত্রী।

ক্রেস্টপ্রাপ্ত ডাক্তাররা হলেন ডাক্তার শোভন কুমার, আল মোরশেদ, মুজিবুর রহমান, সাজিদ হাসান, সুমন ক্লান্তি সাহা ও তাসনিম জুবায়ের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।