ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য জব্দ

‘জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৪ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ এপ্রিল) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযানগুলো পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল এ অভিযান চালায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় উন্নত মানের শাড়ি, জিরা, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, আকাশমনি গোল কাঠ, গরু এবং উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা। বিজিবির হিসাব মতে, উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ ৩২ হাজার ১৯২ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।