প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। তিনি এ সময় ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।’
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে মওলানা ভাসানী যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে, প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা শহরের পৌর উদ্যোনে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন। তিনি মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্ন ভোজ করতে সার্কিট হাউজে যান।
সকালে ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী দুপুর ১১টা ২০ মিনিটে টাঙ্গাইলে পৌঁছান এবং শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড পরীক্ষামূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সূত্র : বাসস



