ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট রোধে র‌্যাবের অভিযান

কৃত্রিম সঙ্কট রোধে র‌্যাব অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

নয়া দিগন্ত অনলাইন

সম্প্রতি দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সঙ্কট রোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

কৃত্রিম সঙ্কট রোধে র‌্যাব অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

রোববার র‌্যাব সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে র‌্যাব ফোর্সেস নিম্নবর্ণিত মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

গতকাল (১১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের রুপসী, গাংপাড়, কাজীপাড়া, পুরাতন রেলস্টেশন এবং পাঁচদোনা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে ভোজ্যতেল মজুত এবং লাইসেন্স ছাড়াই ভোজ্যতেল উৎপাদন করায় মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন ফেনী জেলার সদর থানাধীন এলাকায় মেসার্স আজাদ অ্যান্ড ব্রাদার্স, মেসার্স নাসির এন্টারপ্রাইজ এবং বিহারী ভৌমিক এন্টারপ্রাইজ গোডাউনে কৃষি বিপণন কর্তৃক লাইসেন্সের মেয়াদ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে তেল মজুদকরণ, প্যাকেজ আকারে পাইকারি বাজারে তেল বিক্রয় এবং অস্বাস্থ্যকর ড্রামে ৫ হাজার ৮৭৬ লিটার তেল অবৈধভাবে মজুদ করার অপরাধে মোবাইল কোর্ট কর্তৃক প্রতিষ্ঠানগুলোকে মৌখিক সতর্কতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়।

এ ছাড়া, ৮টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫ হাজার ৮৭৬ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুদ চিহ্নিত করার পাশাপাশি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‌্যাব নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, মোবাইল কোর্ট পরিচালনা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে।