চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩৩১৮ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
আজ শনিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো: লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে আজ আরো পাঁচটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪,০৬৯ জন; সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২,১১৪ জন এবং সৌদি আরবভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭,১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন।
তিনি জানান, বাকি ৪৪,৯৭৮ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।
লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে মোট ৭৮,২৯৬ জন হজযাত্রী হজের ভিসা পেয়েছেন। তাদের মধ্যে ৪,৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৮৭৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ প্রায় ৬৬০টি সংস্থা জড়িত রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।



