নতুন সংসদ সদস্যদের শপথ সকাল ১০টায়

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ আজ সকাল ১০টায় বাংলাদেশ অনুষ্ঠিত হবে; শপথ পাঠ করাবেন সিইসি। সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংসদ ভবন
সংসদ ভবন |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের হাজারও অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে শপথ গ্রহণকারী নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন সময়ে সংসদ ভবন এলাকার খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে।

যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সাময়িক অসুবিধার জন্য রোড ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ সচল রাখার কথা জানিয়েছে পুলিশ।

সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত দল বিএনপি জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমান শপথ নেবেন।

১৬ মাস পর নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণে বিদায় নেয়ার কথা জানিয়েছেন।