ঢাকার কেরানীগঞ্জে বালু পরিবহনের আড়ালে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাবু বাজার সেতু-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জিরাসহ দু’জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সদরদফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা কেরানীগঞ্জের বাবু বাজার সেতু এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় একটি সন্দেহভাজন বালুর ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বালুর বস্তার নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় তিন হাজার ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ২৫ হাজার টাকা। শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা এই চালানের সাথে জড়িত থাকায় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, জব্দকৃত জিরা, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সীমান্তে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



