সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সুপ্রিম কোর্টে আইনজীবীদের ব্যস্ত উপস্থিতি
সুপ্রিম কোর্টে আইনজীবীদের ব্যস্ত উপস্থিতি |সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ সকাল ১০টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

আইনজীবীরা জানিয়েছেন, গতকাল বুধবার দুই দিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনে ভোট পড়েছে এক হাজার ৭৭১টি।

সভাপতি ও সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (এমপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে রয়েছেন মো: মাগফুর রহমান শেখ ও মো: শাহজাহান। সম্পাদক পদে প্রার্থী মোহাম্মদ আলী। কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো: জিয়াউর রহমান। সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

এছাড়া সদস্য পদে নির্বাচন করছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো: কবির হোসেন, মো: টিপু সুলতান, মো: জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।

জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আবদুল বাতেন। সহ-সভাপতি পদে রয়েছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে এম রেজাউল করিম খন্দকার। কোষাধ্যক্ষ পদে রয়েছেন এস এম জাহাঙ্গীর আলম। সহ-সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো: তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া।

এ প্যানেলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো: ফয়েজউল্লাহ, মো: জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

এদিকে এনসিপি সমর্থিত লাল-লাল-সবুজ প্যানেল থেকে সভাপতি পদে কোনো প্রার্থী দেয়া হয়নি। তবে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আজমল হোসেন বাচ্চু। দুই সহ-সম্পাদক পদের একটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা আসগর শরীফী। সদস্য পদে প্রার্থী হয়েছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো: বনি আমিন ও মাজহারুল ইসলাম।

প্যানেলের বাইরে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুছ আলী আকন্দ। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো: আবু ইয়াহিয়া দুলাল, মো: ওমর ফারুক এবং মোহাম্মদ আশরাফ উজ-জামান খান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো: জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে। সূত্র : বাসস