মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সাথে কথা বলে মনে হয়েছে এটি পূর্বশত্রুতার জেরে ঘটতে পারে। জড়িত হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত পুলিশ কর্মকর্তার নাম মো: ওসমান গনি।

শুক্রবার বিকেলে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন হামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

মো: ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশন শাখায় কর্মরত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাজার শেষে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলার পর আহত অবস্থাতেই তিনি হামলাকারীকে ধাওয়া করেন। তবে তাকে আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় তার পিঠে অন্তত ৪৩টি সেলাই দিতে হয়েছে এবং পিঠের বেশির ভাগ অংশে ক্ষত তৈরি হয়েছে।