নিরাপরাধ মানুষ যেন কোনো মামলায় গ্রেফতার না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘কেউ মামলা করতে চাইলে আমরা বাধা দিতে পারি না। তবে মামলা হলেই গ্রেফতার নয়। নিরীহ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। যেখানে বস্তুনিষ্ঠতা নেই, সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেয়া সম্ভব, সেগুলো দেয়ার চেষ্টা করে যাচ্ছি।’
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘মামলার বিচারকার্য শুরু হয়েছে গত বুধবার। মামলার চারর্জশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সাথে বিচারকার্য পরিচালনা করছে। আমি আশা করছি খুব দ্রুত রায় পাব।’
সূত্র : বিবিসি



