ঢাকার শাহবাগ মোড়ে ‘প্রজন্ম চত্বর’ নামে পরিচিত একটি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
শনিবার রাতে স্থাপনাটি ভাঙার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, এস্কাভাটর দিয়ে স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে।
স্থাপনাটি ভাঙার আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা পাওয়ার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খালিদ মনসুর।
তিনি বলেন, ‘গণপূর্ত একবার ফোন করে আমাকে বলছিল আরকি।’
কী নির্দেশনা দেয়া হয়েছিল জানাতে চাইলে তিনি বলেন, ‘কী বলছিল সেটা কি আপনাকে বলে দেবো? তারা এইখানে সুন্দর একটা ই বানাবে বা তারা এটা রেনোভেশন (সংস্কার) করতে চায়।’
‘এটা নিয়ে কোনো ঝামেলা তো হয় নাই, কোনো সমস্যাও হয় নাই,’ বিবিসি বাংলাকে বলেন মনসুর।
এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনের পর শাহবাগ মোড়ে এই স্থাপনাটি তৈরি করা হয়। যা ‘প্রজন্ম চত্বর’ হিসেবে পরিচিতি পায়।



