শপিংমল-মার্কেটের সময়সূচি পুনর্বহাল, সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

‘দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা
শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা |সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে আজ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একইসাথে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং বিলবোর্ডের বাতি ও বিভিন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়েছিল।

বর্তমানে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগের সময়সূচি পুনর্বহাল করে আজ থেকে রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্যমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বাসস