ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

‘দেশে সুশাসন নিশ্চিত করতে সরকার আন্তরিক, সরকার আন্তরিক মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ‘দেশের গণমাধ্যমগুলো এখন সম্পূর্ণ স্বাধীন। এর প্রমাণ টেলিভিশনের স্ক্রিন ও পত্রিকার পাতাগুলো। কিন্তু কিছু কিছু মিডিয়ার অনলাইনে মনের মাধুরী মিশিয়ে ফটোকার্ড বানানো হচ্ছে, রিলসের নামে খণ্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। ফলে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়।’ ভিউ প্রতিযোগিতার নামে এমন অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানান তিনি।

ঈদ ঘিরে মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া গণমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস কনফারেন্সে আতিকুর রহমান রুমন বলেন, ‘দেশে সুশাসন নিশ্চিত করতে সরকার আন্তরিক, সরকার আন্তরিক মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, সারা দেশের মানুষ ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন যখন, তখনো কাজ করে যাচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু ছুটি কাটাননি। উনার টিমের সাথে যারা আছেন তারাও, মানে আমরাও কিন্তু ঈদে ছুটির দিনগুলো এমনকি ঈদের দিনেও কাজ করেছি। সেসব নিশ্চয়ই আপনারা দেখে এসেছেন। লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়িয়েছেন পুরো ঢাকা। ঘুরে ঘুরে দেখেছেন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা? কোথায় পরিষ্কার হয়েছে, কোথায় হয়নি? কোথাও গাফিলতি হয়েছে কিনা? যেখানে অব্যবস্থাপনা পেয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং গাফিলতির সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থাও নিয়েছেন।’

রুমন বলেন, ‘আমরা মানুষের সেবায় এভাবে রাত-দিন এক করে কাজ করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই প্রায় ১২/১৩ ঘণ্টা করে, এমনকি মাঝে মাঝেই ১৬ ঘণ্টাও কাজ করে যাচ্ছেন।’

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে এবারের ঈদের আনন্দের মাঝেও আমাদের মনে ছিল এক ধরনের শূন্যতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে নানা ঈদ স্মৃতি আমাদের মনে পড়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহারিয়ার পামির।