রাজধানীর ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ছয় ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ শাহীন (২৪)।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে একই ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় তার ভাগ্নি হাফসা (৮)।
প্রতিবেশী মোহাম্মদ জসিম জানান, শাহীন একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে ভাটারার নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে বিকট শব্দে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শাহিনের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং হাফসার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় শাহিনের স্ত্রী ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।



