মা খালেদা জিয়ার সময়কার কর্মচারীদের খোঁজ নিলেন তারেক রহমান

‘১৯ বছরে আগে যখন ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডেকে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। এটি একটি স্মরণীয় ঘটনা।’

নয়া দিগন্ত অনলাইন
তেজগাঁওয়ের কার্যালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তেজগাঁওয়ের কার্যালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

মা খালেদা জিয়ার সময়কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পুরোনো কর্মচারীদের দেখে কাছে ডেকে কথা বলেছেন তারেক রহমান। এ সময় তাদের পরিবারেরও খোঁজখবর নেন তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের কার্যালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলার সময় পরিচিত কয়েকজনকে ডেকে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘১৯ বছরে আগে যখন ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী নাম ধরে ডেকে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। এটি একটি স্মরণীয় ঘটনা।’

‘আজকে প্রধানমন্ত্রী অফিসে এসে প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি কার্যালয়ে প্রবেশ করার সময়ে কর্মকর্তা-কর্মচারীরা একপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীকে দেখে নাম ধরে ডাকেন। ওই কর্মচারী তৎক্ষণাৎ দৌড়ে আসেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তার সাথে করমর্দন করেন এবং পরিবারের খোঁজখবর নেন। এ সময়ে আরো কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।’

২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এ কার্যালয়েই অফিস করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘ম্যাডামের সময়ে কাজ করেছেন এমন কিছু কর্মচারীর যারা ১৯ বছর আগে নবীন ছিলেন, এখন তার চুল পাকা শুরু হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি। নিজেই নাম ধরে তাদেরকে ডেকে কথা বলেছেন। ওই সব কর্মচারীরা যেমন আবেগাপ্লুত হয়েছেন, তেমনি অন্য কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর মহানুভবতা এবং কথার ব্যবহারে।’

এরপর প্রধানমন্ত্রী রেড ব্লকে প্রবেশ করেন, যেখান প্রধানমন্ত্রীর চেম্বার বা কক্ষ। প্রধানমন্ত্রী সেখানে নিজের চেয়ারে বসেন এবং দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।

এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী এসে পৌঁছালে তার মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গত দু’দিন সচিবালয়ে তার দফতরে অফিস করেছেন তারেক রহমান। আজকেই প্রথম তিনি এখানে অফিস করলেন। বাসস