বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেছেন, দেশে সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে সরকার। সাংবাদিকদের কিভাবে আরো ভালো রাখা যায়, তাদেরকে কিভাবে আরো সম্মান দেয়া যায় সেই চিন্তাভাবনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘শুধু বর্তমানে নয়, অতীতেও বিএনপি সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করেছে।’
শনিবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান ও সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবার সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করেছিলেন ঢাকার বুকে। পরবর্তী সময়ে মরহুমা বেগম খালেদা জিয়াও একই ধারা অব্যাহত রেখেছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ৩৯ জন সাংবাদিককে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের বৃত্তি প্রদান করা হয়।
বাছির জামাল বলেন, জাতীয় প্রেসক্লাবের ভবনটি জিয়াউর রহমানের উদ্যোগে গড়ে ওঠে।
তিনি আরো বলেন, জাতীয় প্রেসক্লাবের প্রত্যেকটি জমি সাফ কবলা করে দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তার উদ্যোগে সাড়ে ২২ বিঘা জমির উপর সাংবাদিকদের দ্বিতীয় আবাসন ব্যবস্থা হয়েছিল পল্লবীতে।
এটি বর্তমানেও চলমান রয়েছে বলে জানান তিনি।
সরকারকে সাংবাদিক বান্ধব উল্লেখ করে বাছির জামাল বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানা উদ্যোগ নিচ্ছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের শুধু অনুদান নয় প্রবীণ সাংবাদিকদের পেনশনও দেয়ার চিন্তাভাবনা করছে সরকার।
তিনি বলেন, এছাড়াও অসুস্থ সাংবাদিকদের হেলথ কার্ড প্রদানের চিন্তাভাবনা চলছে। এভাবে বর্তমান সরকার সাংবাদিকদের ভালো রাখার নানা কর্মসূচি গ্রহণের কথা ভাবছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, আপনাদের সহযোগিতা পেলে, বর্তমান সরকার সেই কাজগুলো করে যাবে।
তিনি বলেন, আমি আশা করছি যে সরকার সাংবাদিকদের উন্নয়নে ও তাদের জীবনমানের পরিধি সুন্দর করতে যে সব কাজ করা দরকার, সেগুলো করবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দিন প্রমুখ। বাসস



