জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশে চার লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এছাড়া মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
আজ বুধবার সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ‘৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪ মোতাবেক সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শ্রেণি-ওয়ারি কর্মরত কর্মচারীর সংখ্যা এবং শূন্যপদের সংখ্যা নিম্নরূপ- কর্মরত প্রথম শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন। প্রথম শ্রেণীর শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণীর কর্মরত কর্মকর্তা-কর্মচারী দুই লাখ ৩৩ হাজার ৭২৬ জন। দ্বিতীয় শ্রেণীর শূন্যপদ এক লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণীর কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছয় লাখ ১৩ হাজার ৮৩৫ জন। তৃতীয় শ্রেণীর শূন্য পদ এক লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণীর কর্মরত কর্মকর্তা-কর্মচারী চার লাখ চার হাজার ৫৭৭ জন। চতুর্থ শ্রেণীর শূন্যপদ এক লাখ ১৫ হাজার ২৩৫টি।
এছাড়া অন্যান্য পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারী সাত হাজার ৯৮০ জন। শূন্য পদ আট হাজার ১৩৬টি।



