আইজিপির বক্তব্য সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যাখ্যা

আইজিপির ‘৯৯ ভাগ পুলিশ সৎ’ মন্তব্যের ব্যাখ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স বলেছে, পরিসংখ্যান অনুযায়ী অভিযোগের হার ১ ভাগেরনিচে। তাই বেশিভাগ সদস্য দায়িত্বশীল- এই বার্তাই তুলে ধরা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
পুলিশ হেডকোয়ার্টার্স
পুলিশ হেডকোয়ার্টার্স |সংগৃহীত

সম্প্রতি এক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের ‘শতকরা ৯৯ ভাগ পুলিশ সদস্য সৎ ও দায়িত্বশীল’ মন্তব্য ঘিরে জনমনে তৈরি হওয়া আলোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিস্তারিত বিবৃতিতে বলা হয়, মো: আলী হোসেন ফকিরের বক্তব্যটি সামগ্রিক বা বার্ষিক পরিসংখ্যানের ভিত্তিতে দেয়া হয়েছে, যা নির্দিষ্ট সময়ের শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে।

পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য অনুযায়ী, গত ৪ বছরের (২০২২-২০২৫) প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত ও অনুসন্ধানে প্রেরিত মোট অভিযোগের সংখ্যা ছিল ৭ হাজার ৮৮২টি। আর বর্তমানে মোট পুলিশ সদস্যের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৫৪ জন। এতে গড় বার্ষিক অভিযোগ দাঁড়ায় ১,৯৭০.৫টি এবং বার্ষিক অভিযোগে জড়িত হওয়ার হার ০.৯০ ভাগ।

বিবৃতিতে বলা হয়, যেকোনো বড় সংস্থায় ১ ভাগ বা তার কম সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকা অত্যন্ত স্বাভাবিক এবং এটি একটি সুশৃঙ্খল বাহিনীর পরিচায়ক। এ হার নির্দেশ করে যে, বাহিনীর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর।

অপরদিকে, অভিযোগের প্রকারভেদ বিশ্লেষণ করলে দেয়া যায়, সব অভিযোগই সরাসরি দুর্নীতি সম্পর্কিত নয়। যেমন- পারিবারিক সমস্যা বা অদক্ষতা সরাসরি অসততা নয়, বরং ব্যক্তিগত বা কৌশলগত সীমাবদ্ধতা। এগুলো বাদ দিলে প্রকৃত অসততা বা দুর্নীতির হার আরো অনেক কমে আসবে যা প্রায় ০.৭০ ভাগের নিচে।

অন্যদিকে, জনমানসে ধারণা এবং পরিসংখ্যান বিশ্লেষণে প্রতীয়মান হয় যে ২ লাখ ১৮ হাজার পুলিশ সদস্যের মধ্যে ২ হাজার সদস্য যখন কোনো ভুল করেন, তখন সেই ক্ষুদ্র অংশটির কারণে জনগণের মনে বিরূপ ধারণা জন্মে। কিন্তু পরিসংখ্যান বলছে, বাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যই নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

আইজিপি তার বক্তব্যে এ বিষয়টিই বোঝাতে চেয়েছেন বলে উল্লেখ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।