অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা ইতোমধ্যেই বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌ-পথে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। গতকাল রোববারও বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে ফিরেছেন, ফলে সড়কে যানবাহনের চাপও দৃশ্যমানভাবে বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ সচিবালয়
বাংলাদেশ সচিবালয় |সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ (সোমবার) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও দেশের পুঁজিবাজার। দীর্ঘ বিরতির পর কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন।

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা ইতোমধ্যেই বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌ-পথে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। গতকাল রোববারও বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে ফিরেছেন, ফলে সড়কে যানবাহনের চাপও দৃশ্যমানভাবে বেড়েছে।

প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে। অনেকেই কর্মঘণ্টার একটি বড় অংশ সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে কাটাবেন। তবে ধারণা করা হচ্ছে, সপ্তাহজুড়ে জমে থাকা প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির কারণে কর্মব্যস্ততা বাড়বে।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছেন। তবে ঈদের ছুটির আগে ২৩ মে শনিবার অফিস করেছেন চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতার বাইরে ছিলেন। একইভাবে হাসপাতাল, চিকিৎসাসেবা ও ওষুধ বহনকারী যানবাহনও নিয়মিত কার্যক্রম চালিয়ে গেছে।

দীর্ঘ ছুটি শেষে আজ থেকে দেশের প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারো স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে।