ঈদে কারাবন্দীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব কারাগারে বন্দীদের জন্য সকাল-দুপুর-রাতে বিশেষ উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদফতর। উৎসবের আনন্দ ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রকাশের অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
কারা অধিদফতরের লোগো
কারা অধিদফতরের লোগো |সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারসমূহে আটক বন্দীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কারা অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন কারাগারে আটক বন্দীদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে। দুপুরে সাদা ভাত, গরুর গোশত (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির গোশত), মুরগির রোস্ট। রাতের খাবারে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ দেয়া হবে। এছাড়া পান ও সুপারিও সরবরাহ করা হবে।

কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো: জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদের আনন্দ কারাবন্দীদের মাঝেও ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারো এমন আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের সব কারাগারে বন্দীদের এ বিশেষ খাবার পরিবেশন করা হবে।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বন্দীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।