নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি ফ্রিজার ভ্যান (ড্রাইভারসহ) ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ব্যবহারের জন্য প্রদান করেছে। এটি হাসপাতালের লাশ পরিবহনের জন্য ব্যবহার করা হবে।
বুধবার (২২ এপ্রিল) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত শিশুকে কোলে নিয়ে এক অসহায় স্বজনের যানবাহনের জন্য অপেক্ষারত একটি ছবি সম্প্রতি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর ডিএনসিসির প্রশাসক মো: শফিকুল ইসলাম খান এ নির্দেশনা দিয়েছেন।
প্রয়োজনে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানটিও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকায় অবস্থিত হলেও এর কার্যক্রম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য অধিদফতর পরিচালনা করছে। এমনকি হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনায় ডিএনসিসির প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততা নেই।
শুধুমাত্র উত্তর সিটি করপোরেশন নাগরিকদের সহায়তার জন্যই করপোরেশন মানবিক এ সিদ্ধান্তটি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএনসিসি কর্তৃপক্ষ। বাসস



