বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আট প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে আট প্লাটুন বিজিবি সদস্য ইতোমধ্যে বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছেন। বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়ে টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল ও স্টাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।
বিজিবি সবসময়ই দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এরই অংশ হিসেবে এই উপনির্বাচনেও বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে বলে বিজিবি বিশ্বাস করে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।



