আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার জন্য ছাপাখানাগুলোকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির একই নির্দেশনায়, প্রার্থীদেরকে পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
ইসি’র নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বুধবার (২৮ জানুয়ারি) একটি নির্দেশনা দেশের সকল রিটার্নিং কর্মকর্তা, ডিসি, এসপি, নির্বাচনী কর্মকর্তাসহ মাঠ পর্যায়ে সকল প্রশাসনকে দেয়া হয়েছে।
ইসি’র নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কর্তৃক নির্বাচনী প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করা সংক্রান্ত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এ বর্ণিত বিধি-৭(ক) অনুযায়ী, লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। তবে নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।
বর্ণিতাবস্থায়, নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক পোস্টার ব্যবহার না করাসহ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধিসমূহ প্রতিপালন এবং নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার জন্য প্রিন্টিং প্রেসকে নির্দেশনা প্রদানের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



