গত এক সপ্তাহে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি উদ্ধারসহ ১২৯ জনকে আটক করেছে নৌ পুলিশ।
এ সময় ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ৩৩৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৩০২ কেজি মাছ, ৩ লাখ ৫ হাজার পিস চিংড়ি রেণু, ১ লাখ ১০ হাজার পিস রেণু পোনা, ৭১০ কেজি জেলিযুক্ত চিংড়ি, ২৪৬ কেজি রং মিশ্রিত শিং মাছ জব্দ করা হয় এবং নদী থেকে ১৪৬টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং একটি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানে ৩৭টি মৎস্য আইন, আটটি বেপরোয়া গতি আইন, পাঁচটি বালুমহাল, দুইটি মাদক, পাঁচটি অপমৃত্যু, একটি ডাকাতি, একটি অপহরণ এবং একটি হত্যা মামলাসহ ৬০টি মামলা দায়ের করা হয় এবং নয়টি লাশ উদ্ধার করা হয়।
জব্দ অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয় এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। সূত্র : বাসস



