হত্যা মামলা

আফজাল নাছের দ্বিতীয় দফা রিমান্ডে

মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নয়া দিগন্ত অনলাইন
আফজাল নাছের
আফজাল নাছের

চব্বিশের জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় মাহমুদুল হাসানকে (২৬) হত্যা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো: আফজাল নাছেরের দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চার দিনের রিমান্ড শেষে আজ সোমবার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় ছাত্র-জনতার একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।