জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে তিন হাজার ৪০০টি মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এছাড়াও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে তিন হাজার ৪০০টি, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে চার লাখ ৫৮ হাজার ১০৮টি এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে চার হাজার ৬৪০টি মামলায় সরকারি খরচে আইনি সহায়তা দেয়া হয়েছে। মোট চার লাখ ৬৬ হাজার ১৪৮টি মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে।
এছাড়াও সরকারি খরচে পাঁচ লাখ ৭৪ হাজার ২৭৮ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ১৬৭ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের তিন লাখ ২০ হাজার ৭৫৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ১৫৩ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে।
একইসাথে সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-‘১৬৬৯৯’) মাধ্যমে দুই লাখ চার হাজার ২০৫ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।
দেশের অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের জন্য সরকারি খরচে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে এসব সেবা দেয়া হচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে। সূত্র : বাসস



