জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী মোনালিসা ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস'কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদন বলা হয়েছে, আসামি ফরহাদ হোসেনের বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ও অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ছয় কোটি ৩৫ লাখ টাকার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন মামলা দায়ের করা হয়েছে।
এজাহারনামীয় আসামি ফরহাদ হোসেন একজন আয়কর দাতা। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
আবেদনে আরো বলা হয়েছে, আসামি সৈয়দা মোনালিসা ইসলাম ও ফরহাদ হোসেনের বিরুদ্ধে একে অপরের সহযোগীতায় অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য স্বামীর ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৯৪ কোটি পাঁচ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় মামলা দায়ের করা হয়।
আসামি একজন আয়কর দাতা। মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে সৈয়দা মোনালিসা ইসলামের আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
সূত্র : বাসস



