রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দিন (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক মো: সাগর শেখ ওরফে বাবুকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার বিবরণ ও পিবিআই সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে ‘মেরিড সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড’-এর নিরাপত্তাকর্মী সালাউদ্দিন উত্তর পল্লবী আবাসিক এলাকায় কর্তব্যরত ছিলেন। এ সময় অভিযুক্ত সাগর শেখ অটোরিকশা নিয়ে ওই এলাকায় প্রবেশের চেষ্টা করলে সালাউদ্দিন তাকে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সাগর রাগান্বিত হয়ে সালাউদ্দিনের মুখ ও মাথায় এলোপাতাড়ি কিল-ঘুষি ও আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রীন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৪ এপ্রিল বিকেল ৩টা ৬ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা: হালিমা বেগম পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তী সময়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) স্বপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তকারী কর্মকর্তা এসআই নুর জামাল হোসেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক চালকের অবস্থান শনাক্ত করেন। গত ১৬ এপ্রিল রাত আড়াইটার দিকে মিরপুর সেকশন-১১-এর একটি রিকশা গ্যারেজের সামনে থেকে সাগর শেখকে গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। মামলাটির তদন্ত কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।



