বিটিসিএল তার চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ তার চোরচক্রের সক্রিয় সদস্য। গভীর রাতে বিটিসিএল কর্মী সেজে বা রাস্তা মেরামতের নামে মাটির নিচের ম্যানহোল খুলে কৌশলে মূল্যবান তামার তার কেটে নিয়ে যেত। পরে তারের প্লাস্টিকের আবরণ পুড়িয়ে ভেতরের তামা বের করে স্থানীয় ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

নিজস্ব প্রতিবেদক
বিটিসিএল তার চোরচক্রের গ্রেফতার চারজন
বিটিসিএল তার চোরচক্রের গ্রেফতার চারজন |নয়া দিগন্ত

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষারিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন ইব্রাহিম (৩০), হুমায়ুন কবির (৪৯), মো: জুলহাস (৩০) এবং মো: বাবুল (৩৫)।

সিটিটিসি সূত্রে জানা গেছে, কলাবাগান থানায় দায়ের করা একটি চুরির মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গতকাল রোববার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ তার চোরচক্রের সক্রিয় সদস্য। গভীর রাতে বিটিসিএল কর্মী সেজে বা রাস্তা মেরামতের নামে মাটির নিচের ম্যানহোল খুলে কৌশলে মূল্যবান তামার তার কেটে নিয়ে যেত। পরে তারের প্লাস্টিকের আবরণ পুড়িয়ে ভেতরের তামা বের করে স্থানীয় ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।

সিটিটিসি সূত্রে আরো জানা গেছে, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।