নিজাম হাজারীর আয়কর নথি জব্দ

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো: আলমগীর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী |ইন্টারনেট

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো: আলমগীর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ টাকার সম্পদ গোপন বা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখা, নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠানসমূহ এবং নিজ নামে মোট ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা ও ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলন করে অসংখ্য সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করা এবং পাবলিক সার্ভেন্ট হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে আয়ের সাথে সঙ্গতিবিহীন জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করায় দুদক মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় যে আসামি মো: নিজাম উদ্দিন হাজারী একজন আয়কর দাতা। আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নং আইন) এর ৩০৯(৩)ক ধারায় আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করতে আদালতের আদেশ প্রয়োজন মর্মে উল্লেখ রয়েছে। উক্ত আইনের নির্দেশনা মোতাবেক আসামির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার নিমিত্তে সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ একান্ত প্রয়োজন।