হত্যা মামলায় ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার ৩ দিনের রিমান্ডে

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রুবেলসহ কয়েক শ’ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদ মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নয়া দিগন্ত অনলাইন
ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার
ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার |সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টসকর্মী রুবেলকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারো সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ। গত ৩ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রুবেলসহ কয়েক শ’ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদ মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় একই বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি দায়ের করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। সূত্র : বাসস