ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টে ১৪৬০ মামলার শুনানিতে ৫৯৬ নিষ্পত্তি

‘বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ১৮৯টি মামলা শুনানি ও ৯৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে এক হাজার ২৭১টি মামলা শুনানি ও ৫০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। আজ উভয় বিভাগে সর্বমোট এক হাজার ৪৬০টি মামলা শুনানি ও ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট |সংগৃহীত

ভার্চুয়াল উপস্থিতিতে আজ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট ) বিভাগে সর্বমোট এক হাজার ৪৬০টি মামলা শুনানি করে ৫৯৬টি নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ১৮৯টি মামলা শুনানি ও ৯৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং হাইকোর্ট বিভাগে এক হাজার ২৭১টি মামলা শুনানি ও ৫০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। আজ উভয় বিভাগে সর্বমোট এক হাজার ৪৬০টি মামলা শুনানি ও ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত গত ২০ এপ্রিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ হতে জানা যাবে। এই নির্দেশনা আগামী ২২ এপ্রিল হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। বাসস