দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় করাই অগ্রাধিকার : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল সিন্ডিকেট ভেঙে দেবো। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারো চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করব।

নয়া দিগন্ত অনলাইন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন |ইন্টারনেট

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করাই আমার অগ্রাধিকার। এই মন্ত্রণালয়ে দুর্নীতি করতে দেয়া হবে না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার প্রথম কর্মদিবসে নিজ দফতরে এসে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল সিন্ডিকেট ভেঙে দেবো। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। কারো চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করব। মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করাই আমার অগ্রাধিকার।’

তিনি বলেন, আমার কোনো লোভ ও পিছুটান নেই। স্বাস্থ্য খাতে জনবল সঙ্কট থাকলে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাত দিনের মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট শুরু করব। হাসপাতালে আমি আকস্মিক ভিজিট করব এবং যদি চিকিৎসকরা ঠিক সময়ে না আসেন, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে রোগীরা বিদেশে যায়, তা না। এ ক্ষেত্রে মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে সবার বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতা কমবে।

নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী বিদ্যমান কাঠামোকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করার পাশাপাশি নতুন সরকার জনগণের জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য নতুন কাঠামো তৈরি করবে বলেও জানান তিনি।

এর আগে, নতুন সরকারের প্রথম কার্যদিবসেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী এম এ মুহিত।

স্বাস্থ্যমন্ত্রী তার কক্ষে বসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।