হামের উপসর্গ নিয়ে আরো ৫ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৮১০

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
হামের রোগীর সংখ্যা বাড়ছে
হামের রোগীর সংখ্যা বাড়ছে |ফাইল ছবি

দেশে আজ ‍শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭টি শিশু। এছাড়া, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮১০টি শিশু মারা গেছে।

‍শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭১৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮১০টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৮৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫০। এই সময়ে ৮৫৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬৮টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৫০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ১৯৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি