২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিকৃত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৩ মে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন ওই দিন সকাল ৯টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হবে। এ সময় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং নবীন শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে এতে যুক্ত থাকবেন।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। ভর্তি কার্যক্রম শুরু হয় ৩০ ডিসেম্বর থেকে। বাসস



