দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। আর এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪টি শিশু।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫০৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৯৪টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৪২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৯২। এ সময়ে ১ হাজার ২০৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৯০টি শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ১৩৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৯ হাজার ১০৫ রোগী, যাদের মধ্যে ৫৪ হাজার ৮১২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
সূত্র : ইউএনবি



