দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২০৫টি শিশু।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। সেই সাথে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো একটি শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫১৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯১টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬০৫টি শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৩৬। এই সময় এক হাজার ৩৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১০১টি শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা নয় হাজার ২৬০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬১ হাজার ১৯৪ রোগী, যাদের মধ্যে ৫৭ হাজার ৪৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
সূত্র : ইউএনবি



