প্রতি বছর প্রবাসে ঈদ আসে ত্যাগের মহিমা নিয়ে। তবে প্রবাসে কর্মরত অনেকেই নানা কারণে এই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হন। তাই ঈদের আনন্দ থেকে বঞ্চিতদের কথা ভেবে মালয়েশিয়ার কুয়ালামাপুরের আমপাং-এ বাংলাদেশী মালিকানাধীন ‘সি মিলেনিয়াম এসডিএন বিএইচডি’র স্বত্বাধিকারী অহিদুর রহমান তার প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মী ও স্থানীয় মালয়েশিয়ানদের নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, যা সকলের প্রশংসা কুড়িয়েছে। মালয়েশিয়ায় নিয়োগকর্তা কর্তৃক কর্মীদের সম্মানে এ ধরনের ঈদ পুর্ণমিলনীর আয়োজন খুবই বিরল।
এই উদ্যোগে প্রায় ৫০০ জন অংশ নিতে পেরেছেন, যারা সাধারণত কর্মস্থলে বা অন্য কোনো কারণে ঈদ উদযাপনের আনন্দ উপভোগ করতে পারেন না। নিয়োগকর্তার এই মানবিক দৃষ্টিভঙ্গি প্রবাসীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। পাশাপাশি মালয়েশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তারা, দাতো, দাতোশ্রি, চায়নিজ ও মালয় নাগরিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিয়োগকর্তা জানান, আমার কর্মীরা আমার পরিবারেরই অংশ। তারা দেশের বাইরে এসে কঠোর পরিশ্রম করে। তাদের মুখে হাসি ফোটাতে পারাটা আমার কাছে অনেক বড় কিছু। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়া উচিত, বিশেষ করে যারা পরিবার থেকে দূরে আছেন।
নিয়োগকর্তার এই উদ্যোগ শুধু ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগই দেয়নি; বরং নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে এনেছে।
নিয়োগকর্তার এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু ধর্মীয় মূল্যবোধেরই প্রকাশ নয়; এটি প্রবাসীদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের পদক্ষেপ নিয়োগকর্তা-কর্মীর সম্পর্ককে আরো সুদৃঢ় করে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।
সেইসাথে এমন উদ্যোগ মালয়েশিয়ার অন্যান্য নিয়োগকর্তাদের জন্যও এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন অনুষ্ঠানে আগত অতিথিরা।



