ফ্রান্সের রাজধানী প্যারিসে গণভোট দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স।
রোববার (১২ এপ্রিল) ঐতিহাসিক লুক্সেমবুর্গ গার্ডেনসে আয়োজিত এ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশীরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে গণভোট একটি কার্যকর ও আধুনিক পদ্ধতি।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ায় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে দ্রুত গণভোট আয়োজনের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
সংগঠনের আহ্বায়ক ইফতেসাম চৌধুরির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাওসার আহমেদ।
সভাপতির বক্তব্যে ইফতেসাম চৌধুরি বলেন, ‘জনগণের মৌলিক অধিকার রক্ষায় আমরা রাজপথে নেমেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি—অবিলম্বে কার্যকর উদ্যোগ নিয়ে গণভোটের পথ সুগম করা হোক।’
ভারপ্রাপ্ত সদস্য সচিব কাওসার আহমেদ বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এবং গণতান্ত্রিক ধারা আরো শক্তিশালী হবে।’
এ দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মো: সাকিব হোসেন, মাজহারুল হক এবং সদস্য শাহজাহান আজিজ, ইমাদ উদ্দিন, আবু হুরায়রা, উজ্জ্বল হোসেন, ফেরদৌস আহমেদ, আব্দুল্লাহ আফ্রিদি প্রমুখ।
সমাবেশ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং শান্তিপূর্ণভাবে স্লোগান দেন।
আয়োজকদের মতে, জাতীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট এখন সময়ের দাবি।



